রঞ্জন রায়ের ধারাবাহিক নভেলেট : বাঙালবাড়ির কিস্যা
পাকিস্তান ছাড়ল শেষ রেলগাড়ি---
১৯৪৯এর কোলকাতা। ফাগুনমাসের শেষ। পশ্চিম আকাশে লজ্জা-লজ্জা গোলাপী আভা তখনও মিলিয়ে যায়নি। মনুমেন্ট ময়দানের পাশ দিয়ে কোণাকুণি হাঁটছেন সলিলকুমার। রোজ ফোর্ট উইলিয়মের ডিউটি সেরে এই পথেই কিছুটা এগিয়ে পার্কসার্কাস লেখা বোর্ড টাঙানো ২০নং ট্রাম ধরে বাড়ি ফেরেন। ময়দানের গাছের ডালে ডালে ঘরে ফেরা পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ---সলিলকুমার শুনতে পাচ্ছেন না। সামনে দিয়ে একটা ২০নং ট্রাম টিং টিং অলস ঘন্টি বাজাতে বাজাতে চলে গেল,--সলিল দেখতে পেলেন না। নিজের ভাবনায় ডুবে থাকা সলিল রাস্তা পেরিয়ে ফুটপাথ ধরে হাঁটতে লাগলেন।
