অস্কার ওয়াইল্ডের-সুখী রাজকুমার
শহরের অনেক উঁচুতে, একটা লম্বা স্তম্ভের উপরে, দাঁড়িয়ে ছিল সুখী রাজকুমারের মূর্তি। ওঁর সারা শরীরে জড়ান ছিল খাঁটি সোনার পাতলা পাত, চোখ দুটিতে বসানো ছিল দুটো উজ্জ্বল নীলা, আর একটা বড় লাল চুনি দ্যুতি ছড়াচ্ছিল ওঁর তলোয়ারের বাঁট থেকে।
প্রচণ্ড মুগ্ধ দৃষ্টিতে সবাই তাকাত ওঁর দিকে। শহরের কাউন্সিলরের একজন, যিনি শৈল্পিক রূচির একটা খ্যাতি লাভের আশা করত, মন্তব্যচ্ছলে বলত, “রাজকুমার ওয়েদারককের মতই সুন্দর,” পাছে লোকে তাঁকে অবিবেচক ভাবে, এই ভয়ে আরো যোগ করত, “অবশ্য ওরকম কাজের কিছু নয়।”
“তুই কেন সুখী রাজকুমারের মতো হতে পারিস না?” কোন ছোট বালক চাঁদ ধরার আবদার নিয়ে কেঁদে উঠলে ওর উদ্বিগ্ন মা জানতে চাইত, “সুখী রাজকুমার তো কোন কিছুর জন্য কাঁদার কথা স্বপ্নেও ভাবে না।”
