পরবাসী - হাসান আজিজুল হক
কান পেতে কিছু শোনার চেষ্টা করল সে। কিছু একটা শব্দ। কিন্তু কিছুই শোনা গেল না। বাতাস কিংবা পাতা ঝরার শব্দ … কোনো কিছুই তার কানে এলো না। এই এতটুকু সময়ের মধ্যেই মাটি বরফের মতো ঠাণ্ডা হয়ে এসেছে। নিঃশব্দ শিশিরের হিমে স্নান করে বিবর্ণ পাতাগুলো ভিজে। শীতের শেষ বলে সারাদিন ধরে উত্তর দিক থেকে ঝড়ের বেগে বাতাস দিয়েছে … খোলা মাঠ পেয়ে বাতাস হু হু করে দৌড়ূতে দৌড়ূতে শরীরের সমস্ত উত্তাপ শুষে নিয়ে চলে গেছে। তারপর নতুন করে আবার ঝাপটা এসেছে। কিন্তু সন্ধ্যার সূচনাতেই বাতাস দু’একবার ডানা ঝাপটা দিয়ে শুকনো পাতা ঝরিয়ে একেবারে এ দেশ থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে এসেছে বড় বড় মাঠ, ছিলে ছিলে পানি-জমা ডোবা এবং খাল, আধ শুকনো হলদেটে অপরিচিত লতাপাতা কাঁটা-গুল্মের স্তূপাকার জঙ্গল। ওর চারপাশের কয়েক হাত জায়গা বাদ দিয়ে নিউমোনিয়া রোগীর শ্লেষ্মার মতো জমে বসেছে কুয়াশা। সারাদিনের ঝড়ো বাতাসের জায়গায় এসেছে কুয়াশা। সেই কুয়াশা এবং ম্লান রঙের আকাশ ও বাসি মড়ার মতো জলো অন্ধকারের নিচে তার চারপাশের পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। সে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করল। কিছু একটা শব্দ। কিন্তু কিছুই শোনা গেল না। বাতাস কিংবা ঝরা পাতার শব্দ, নিদেনপক্ষে শুকনো পাতার ওপর শিশির পড়ার টপ টপ শব্দ অথবা কোনো ছোট বন্যপ্রাণীর চকিত পদধ্বনি। কোনো কিছুই তার কানে এলো না। মোটা ছেঁড়া র্যাপারটা ভালো করে জড়িয়ে সে এবড়োখেবড়ো মাটির ওপর, খড়ের রঙের ভিজে দুর্বার ওপর দুই কনুইয়ের ভর দিয়ে মাথা উঁচু করে কুয়াশার দিকে চেয়ে রইল। এখন একমাত্র বক্ষস্পন্দন ছাড়া ওর কাছে শব্দের জগৎ সম্পূর্ণ রকম হারিয়ে গেলেও সারাদিন এবং সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত অবশ্য অজস্র শব্দের বিরাম ছিল না। অনেক দূরের কালো পিচঢালা রাস্তা দিয়ে গোঁ গোঁ করে বাস-ট্রাক যাচ্ছিল। মিষ্টি দ্রুত স্বল্পস্থায়ী শব্দ করে ছোট গাড়িগুলোর … এমনকি তীক্ষষ্ট হুইসেল বাজিয়ে ঝকঝক করে যে ট্রেন গেল তার শব্দও সে শুনতে পেয়েছে। এক রকম সারাদিনই এসব শব্দ সে শুনেছে। নির্জন মাঠটিতে বড় ঝোপটার ভেতরে শুয়ে শুয়ে তার আকাশ-পাতাল ভাবনার সঙ্গে এসব শব্দ মিশে গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তার মাথার ওপর দিয়ে এক ঝাঁক কাক উড়ে গেছে, জোড়ায় জোড়ায় বক উড়ে গেছে, তারপর দেখা দিয়েছে শঙ্খচিল, সবার শেষে দু-একটি একাকী পাখি, তার মধ্যে একটা বিরাট পাখি বিশাল পাখা অনেকক্ষণ পরপর নাড়তে নাড়তে, পা দুটি পেছনে ফিরিয়ে মাটির সঙ্গে সমান্তরাল করে, সুন্দর মাথাটি এদিক-ওদিক ঘুরিয়ে চলে গেছে। সোঁ সোঁ শব্দ তুলে পরম নিশ্চিন্তে সে আকাশের পুব কোণের দিকে ছোট হতে হতে এক সময় মিলিয়ে গেছে। মাঠের এক প্রান্তে গ্রামটার বাঁশঝাড়ে ছোট-বড় অসংখ্য পাখি তখন একসঙ্গে কলরব শুরু করেছে। রাত আরেকটু এগোনোর সঙ্গে সঙ্গেই অবশ্য ওদের কাউকেই আর দেখা যায়নি। সে তখন শীতে হি হি করে কাঁপতে কাঁপতে র্যাপারটা ভালো করে মুড়ি দিয়ে, পেটের কাছে র্যাপারের বিরাট ফুটোটা লুঙ্গি দিয়ে ঢাকতে গিয়ে নিজেকে প্রায় বিবস্ত্র করে ফেলেছে এবং এ অবস্থার মধ্যেও প্রচণ্ড খিদে অনুভব করেছে। ময়লা ছোট এক টুকরো কাপড়ে বাঁধা মোটা চিড়ে বের করে অন্যমনস্কের মতো চিবুতে চিবুতে সে ভাবল হুঁ, অরা ঘুমুইতে গেল।
